ট্রাম্পকে দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:২০ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব কাঠামো সম্পূর্ণ বদলে ফেলার ঘোষণা দিলেও দেশটির বর্তমান শাসনব্যবস্থা উৎখাত করা প্রায় অসম্ভব বলে মনে করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। একটি শ্রেণিবদ্ধ (ক্লাসিফাইড) গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করা হলেও তেহরানের বর্তমান ক্ষমতাকাঠামোকে সহজে ভেঙে ফেলা যাবে না।
ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের প্রস্তুত করা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হলেও দেশটির শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত একটি প্রোটোকল আগে থেকেই গড়ে তোলা হয়েছে। ফলে নেতৃত্বের পরিবর্তন হলেও রাষ্ট্রীয় কাঠামো অটুট রাখার মতো সক্ষমতা তাদের রয়েছে। জানা গেছে, মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযান শুরুর প্রায় এক সপ্তাহ আগে এই মূল্যায়ন প্রতিবেদন সম্পন্ন করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরানের অভ্যন্তরীণ বিরোধী দলগুলো বর্তমানে অত্যন্ত বিচ্ছিন্ন ও দুর্বল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে তাদের পক্ষে ক্ষমতা দখল করা বা বড় ধরনের গণঅভ্যুত্থান সংগঠিত করা আপাতত বাস্তবসম্মত নয়। ফলে বাইরের চাপ বা সামরিক অভিযানের মাধ্যমে দ্রুত শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনাও খুবই কম।
এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে তার ব্যক্তিগত অনুমোদন থাকা উচিত। ট্রাম্প বলেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনেইর ক্ষমতায় আসা তার কাছে গ্রহণযোগ্য নয়। বরং তিনি এমন একজন নেতাকে ইরানের নেতৃত্বে দেখতে চান, যিনি দেশটির নীতিতে পরিবর্তন এনে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবেন। অন্যথায় আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে জড়াতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তবে ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে কেবল দেশটির জনগণ। কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ইরান কখনোই মেনে নেবে না।
সূত্র: এনডিটিভি।