নিজেদের উপকূলে হামলা হলে পুরো পারস্য উপসাগরে মাইন পাতার হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের উপকূল বা দ্বীপ এলাকায় কোনো ধরনের হামলা চালানো হলে পুরো পারস্য উপসাগর নৌ-মাইন বসিয়ে অচল করে দেওয়া হবে।
সোমবার ইরানের উচ্চপর্যায়ের নিরাপত্তা সংস্থা প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়। এতে বলা হয়, ইরানের ভূখণ্ডে হামলার চেষ্টা হলে পারস্য উপসাগরের সব ধরনের যোগাযোগ ও নৌপথ বন্ধ করে দেওয়া হবে।
বিশেষ করে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখল বা সেখানে মার্কিন বাহিনী মোতায়েনের সম্ভাব্য পরিকল্পনার খবর সামনে আসার পর এই কঠোর বার্তা দিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে ৪৮ ঘণ্টার একটি সময়সীমা বেঁধে দিয়েছে, যা মঙ্গলবার ভোরে শেষ হওয়ার কথা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সতর্ক করে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে বড় ধরনের হামলা চালানো হবে। এর জবাবে ইরান জানিয়েছে, তাদের বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন বিদ্যুৎ ও পানি শোধনাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।
বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়ে থাকে। ইরান জানিয়েছে, শত্রুভাবাপন্ন দেশ ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্যান্য দেশের নৌযান সমন্বয়ের মাধ্যমে চলাচল করতে পারবে।
তবে যুক্তরাষ্ট্র যদি তাদের হুমকি বাস্তবায়ন করে, তাহলে এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহে বড় ধরনের সংকট এবং দামের অস্বাভাবিক বৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ইরান স্পষ্ট করেছে, আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাবে সমপর্যায়ের ব্যবস্থা নিতে তারা প্রস্তুত।