ইসরায়েলের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম
লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ শেষ নিঃশ্বাস পর্যন্ত অব্যাহত থাকবে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই দিনে সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে নাঈম কাসেম দাবি করেন, ইসরায়েলি বাহিনী স্থলযুদ্ধে ব্যর্থ হয়েছে এবং কোনো স্থল অভিযান কার্যকরভাবে পরিচালনা করতে পারেনি।
তিনি আরও বলেন, শক্তিশালী সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, এই যুদ্ধবিরতিতে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে।