ইরানের তেল কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৬ এএম

ছবি: সংগৃহীত

ইরান থেকে শত শত কোটি ডলারের তেল কেনার অভিযোগে চীনের একটি তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারিকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের অন্যতম বড় ক্রেতা।

ট্রেজারি বিভাগের অধীনস্থ বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর জানিয়েছে, ইরানের ‘ছায়া নৌবহর’ ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রায় ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব নেটওয়ার্কের মাধ্যমে ইরান আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করে থাকে।

নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল বাণিজ্যে নতুন করে চাপ তৈরি হলেও চীন এখনো সবচেয়ে বড় ক্রেতা হিসেবে রয়েছে। কেপলার নামের একটি বিশ্লেষণ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানের মোট তেল রপ্তানির ৮০ শতাংশের বেশি কিনেছে চীন।

যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মার্কিন সম্পদ জব্দ করা হয় এবং তাদের সঙ্গে মার্কিন নাগরিকদের ব্যবসা নিষিদ্ধ করা হয়।

এর ফলে চীনের কিছু বড় স্বাধীন শোধনাগার ইরানের তেল কেনা কমিয়ে দিলেও ছোট আকারের শোধনাগারগুলো তুলনামূলকভাবে কম প্রভাবিত হয়েছে। কারণ তারা মার্কিন আর্থিক ব্যবস্থার ওপর সরাসরি নির্ভরশীল নয়।

বিশেষজ্ঞদের মতে, ইরানের তেল বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে চাইলে চীনা ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা আরও কার্যকর হতে পারে, কারণ এসব ব্যাংকের মাধ্যমেই মূল লেনদেন সম্পন্ন হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হচ্ছে। তিনি জানান, ইরান যেসব জাহাজ, মধ্যস্থতাকারী ও ক্রেতার মাধ্যমে তেল বিক্রি করে, সেগুলোর কার্যক্রম সীমিত করতে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970