হাফপ্যান্ট-হুডি পরেই নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মার্কিন সিনেটর, বিতর্কের ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠকের আলোচনার পাশাপাশি ফেটারম্যানের পোশাক নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি হাফপ্যান্ট ও হুডি পরে, পায়ের ওপর পা তুলে বৈঠকে অংশ নেন। খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ওই বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু জন ফেটারম্যানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের একজন সাহসী সমর্থক হিসেবে অভিহিত করেন।

নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং দুই দেশের কৌশলগত জোটের পক্ষে নির্ভীকভাবে অবস্থান নেওয়ায় ফেটারম্যান বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। তিনি সত্যকে সাহসের সঙ্গে তুলে ধরেছেন বলেও মন্তব্য করেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষ্য, ইসরায়েলের জনগণের পক্ষ থেকে তিনি ফেটারম্যানকে ধন্যবাদ জানাচ্ছেন। একই সঙ্গে বিশ্বের স্বাধীনতাকামী মানুষের পক্ষ থেকেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জবাবে জন ফেটারম্যান বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালনকালে ইসরায়েলের পাশে দাঁড়াতে পারা তার জন্য গর্বের বিষয়। তিনি একাধিকবার ইসরায়েল সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে দেশটিকে একটি অলৌকিক রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন।

ফেটারম্যান অভিযোগ করেন, ইসরায়েল ইস্যুতে ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান অবস্থান তাকে হতাশ করেছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সমালোচনা করে তিনি বলেন, তার বক্তব্য অযৌক্তিক এবং দলের ভেতরে তিনিই একমাত্র এর প্রকাশ্য বিরোধিতা করেছেন।

তিনি আরও বলেন, কংগ্রেসে তিনি ডেমোক্র্যাটিক পার্টির ‘বিবেক’ হয়ে থাকতে চান। গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান, হিজবুল্লাহকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপ এবং ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে পরিচালিত অভিযানকে তিনি ন্যায়সঙ্গত যুদ্ধ বলে মনে করেন।

ফেটারম্যানের দাবি, অনেকেই ভুলে গেছেন কেন এসব সামরিক পদক্ষেপ প্রয়োজন হয়ে উঠেছিল। তিনি বলেন, নিজের অবস্থান নিয়ে তার কোনো অনুশোচনা নেই এবং ভবিষ্যতেও সব পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকবেন।

বৈঠকের শেষেও জন ফেটারম্যানের প্রশংসা করেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে ফেটারম্যানের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970