যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:২৫ এএম
চলমান যুদ্ধবিরতির মধ্যেও ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এসব হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরে বোমাবর্ষণ করা হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেন আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না।
দেইর আল-বালাহতে একটি বাড়িতে হামলায় আরও তিনজন নিহত হয়েছেন, যাদের একজন নারী। খলিল আবু হাতাব বলেন, হামলার মুহূর্তে ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটে।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল অন্তত ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বড় অংশই শিশু, নারী ও বয়স্ক।
গাজা প্রশাসনের দাবি—এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরাইল নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের ওপর হামলা করলে এর জবাবে তারা অভিযান চালিয়েছে। তাদের দাবি, হামলায় হামাসের পাঁচ সিনিয়র যোদ্ধা নিহত হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস।