ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে উত্তাল লন্ডন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক বিক্ষোভে অন্তত ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) মেট্রোপলিটন পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। খবরটি প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
বিক্ষোভটি ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ব্রিটেনে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সমর্থন জানিয়ে টাভিস্টক স্কয়ারে সমবেত হন। তারা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন এবং স্লোগান দেন। অনেক ব্যানারে লেখা ছিল, “আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।”
ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, শান্তিপূর্ণভাবে পোস্টার ধরে দাঁড়ানো মাত্রই পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার শুরু করে। তারা টাভিস্টক স্কয়ারকে ‘শান্তি উদ্যান’ হিসেবে উল্লেখ করে এবং এসব গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি প্যালেস্টাইন অ্যাকশনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করা হয়। এরপর থেকে এই সংগঠনের প্রতি সমর্থন জানানো বা পোস্টার বহন করায় শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলি সেনা হামলায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল প্রায় ৫০০ বার হামলা চালিয়েছে।