এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাদিক অ্যাগ্রোর সেই ইমরান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ‘ছাগল কাণ্ডে’ আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক রানা রায় গত ৩১ জুলাই ইমরান হোসেনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩ আগস্ট দিন ধার্য করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে ইমরান হোসেনের বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদপুর থানার বছিলা বেড়িবাঁধ, বছিলা ব্রিজ, বছিলা চেকপোস্ট ও আশপাশের এলাকায় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হামলা চালান। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় বহু মানুষ আহত হন। হামলায় ভুক্তভোগী মো. ছালেমান পায়ের রানে গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় ভুক্তভোগী মো. ছালেমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
এর আগে, ২০২৫ সালের ৩ মার্চ সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। পরদিন ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনের একটি মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।