খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি ঘোষণা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তার নামাজে জানাজার দিন বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে একদিনের সাধারণ ছুটি থাকবে। রাষ্ট্রীয় শোক পালন করা হবে ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।
ভাষণে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল তার জানাজার দিনে সাধারণ ছুটি থাকবে। জানাজাসহ সব ধরনের শোক কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথ দেখিয়েছে।
দেশ ও জাতির প্রতি তার অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবন, গণমুখী নেতৃত্ব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবিচল অবস্থান জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
এই শোকাবহ সময়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, সবাই যেন মহান আল্লাহর কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং জাতীয় ঐক্য বজায় রাখে। একই সঙ্গে শোকের সময়ে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা যেন না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, শোকের এই মুহূর্তে আবেগ সংযত রেখে জানাজাসহ সব আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে।
এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।