নির্বাচনে পুলিশ সদস্যদের নিরপেক্ষ থাকার কড়া নির্দেশ আইজিপির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও ধৈর্য বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে নির্বাচন উপলক্ষে পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এসব নির্দেশনা দেন আইজিপি।
সভায় আইজিপি বাহারুল আলম বলেন, দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো পরিস্থিতিতে পেশাদার আচরণ বজায় রেখে জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
এ সময় আইজিপির দিকনির্দেশনার আলোকে সব ইউনিটকে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত পুলিশ সদস্যরা নির্বাচনকালীন বিভিন্ন চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং কল্যাণসংক্রান্ত একাধিক দাবি তুলে ধরেন। এর মধ্যে দ্বীপ থানাগুলোর জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ে ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সরকারি সুবিধা বৃদ্ধির দাবি উল্লেখযোগ্য ছিল।