বুথে পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দি ভোটারদের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের বিভিন্ন কারাগারে থাকা মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার নিজ নিজ কারাগারে স্থাপিত নির্ধারিত বুথে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই কারাগারগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে সরাসরি এ কার্যক্রম পরিদর্শন করেন কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

পরিদর্শনকালে তিনি জানান, সারাদেশের কারাগারে থাকা ৫ হাজার ৯৬০ জন বন্দি ভোটার আজ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার আগেই সংশ্লিষ্ট সব কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।

আইজি প্রিজন আরও জানান, আগে ভোটগ্রহণের সময়সীমা ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত থাকলেও ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় নির্বাচন কমিশন সময় বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এর সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, বেলা ১১টা থেকে কারাগারের ভেতরে স্থাপিত ১০টি বুথে ভোটগ্রহণ চলছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি বলেন, ভোটগ্রহণের আগে কারাবন্দি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্ধারিত বুথে প্রবেশ করে তারা নীরব পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

কারা সূত্রে জানা গেছে, দেশের সব কারাগারের মধ্যে সবচেয়ে বেশি কারাবন্দি ভোটার রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ)। সেখানে প্রায় ৬০০ জনের বেশি ভোটার রয়েছেন।

এদিকে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগে আটক কয়েকজন বন্দিকে কেরানীগঞ্জ বিশেষ কারাগারে রাখা হয়েছে। সেখানে দুটি বুথে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ চলছে। তবে মঙ্গলবার সেখানে কোনো রাজনৈতিক বন্দি ভোট দেননি। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজনৈতিক বন্দিরা ভোট দেবেন বলে জানানো হয়েছে।

ভোটদানকারী রাজনৈতিক বন্দিদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন।

নিয়ম অনুযায়ী, কারাবন্দি ভোটাররা নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীর পক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970