লাফ দিয়ে সংসদে ঢুকলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, ভিডিও ভাইরাল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে শেষ মুহূর্তে প্রবেশ করেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় তাকে দৌড়ে এবং লাফ দিয়ে অনুষ্ঠানস্থলে ঢুকতে দেখা যায়, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাাপকভাবে ছড়িয়ে পড়েছে।
শপথকে কেন্দ্র করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের বিষয়েও আলোচনা ওঠে। সংসদ সচিবালয়ে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং বিষয়টি এখনো সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি।
তিনি আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে সন্নিবেশ করতে হবে এবং পরিষদের সদস্য কারা ও কে শপথ পড়াবেন—সেসব বিষয়ে স্পষ্ট বিধান থাকতে হবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সোমবার গুলশানে দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত বা অপারগ হলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন বলেও তিনি মন্তব্য করেন।