দুই মন্ত্রীর পিএস ও পাঁচ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
নতুন সরকারের দুইজন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং পাঁচজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একান্ত সচিব হয়েছেন ওএসডি মো. মনিরুজ্জামান। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হয়েছেন রবীন্দ্র চাকমা, মন্ত্রী দীপেন দেওয়ান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. ইব্রাহিম খলিল; বাণিজ্য, বস্ত্র ও পাট ও শিল্প প্রতিমন্ত্রীর এপিএস হয়েছেন মো. জুনাইদ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আল মামুন; এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. শরীফুল ইসলাম।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিমন্ত্রী মাহাদী আমিনের একান্ত সচিব হয়েছেন ফারহান লাবীব জিশান। এ নিয়োগগুলো প্রতিমন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী কার্যকর হবে এবং ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী ৯ম গ্রেড বেতন স্কেলে দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের পর গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠন করেছে বিএনপি, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।