দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উপপরিচালক, সহকারী পরিচালক, উপ-সহকারী পরিচালক ও সহকারী পরিদর্শকসহ ২৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।
দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়েছে। দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত আদেশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
একটি আদেশে ১৩ জন কর্মকর্তা এবং অপর আদেশে ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। বদলিকৃতদের ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, নোয়াখালী, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
দুদকের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখতেই এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।