সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জাতির কাছে দেওয়া ওয়াদা রক্ষা করেছি: সিইসি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:০৫ এএম
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরে তিনি আনন্দিত।
সোমবার নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টের অডিটরিয়ামে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার করা বিষয়ক এ অনুষ্ঠানের আয়োজন করা হয় নির্বাচন কমিশন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ উদ্যোগে।
সিইসি নাসির উদ্দিন বলেন, তার আগ্রহের কেন্দ্রবিন্দু সবসময় নির্বাচনকে ঘিরেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি ধন্যবাদ জানান। তিনি জানান, অনেক মানুষের সঙ্গে কথা বলে তিনি জানতে চেয়েছেন কেউ ভোট দিতে না পারার অভিযোগ করেছেন কি না। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ তিনি শোনেননি।
তিনি আরও বলেন, গত নির্বাচনের সময় অনেক বয়স্ক নারীর সঙ্গেও কথা বলেছেন তিনি। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ভোট দিতে গিয়ে কোনো বাধা বা সমস্যার মুখোমুখি হয়েছেন কি না। অধিকাংশই জানিয়েছেন, তারা কোনো বাধা ছাড়াই ভোট দিতে পেরেছেন।
সিইসি বলেন, অতীতে দেখা গেছে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর নানা ধরনের আপত্তি উঠে আসে। তবে এবার সবার সহযোগিতায় একটি ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে অনেক নারী ভোটের বিভিন্ন প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। তবে অনেক সময় অপপ্রচারের কারণে নারীদের অবদানকে ছোট করে দেখা হয়। এ ধরনের অপপ্রচার বন্ধ হওয়া প্রয়োজন।
তার মতে, সমাজ যত বেশি সভ্যতার দিকে এগিয়ে যাবে, নারীদের প্রতি এমন নেতিবাচক দৃষ্টিভঙ্গি ততই কমে আসবে। নারীরা সমাজ গঠনে যত বেশি এগিয়ে আসবে, দেশ তত বেশি উন্নতির পথে এগোবে। তাই নারী উন্নয়নে আরও কাজ করার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অন্য কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।