৫ বছর পর সেই সুহেলকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম

ছবি: সংগৃহীত

নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে। সেই নির্বাচনে জয়ী হয়ে শপথ নিয়ে সিলেটের কানাইঘাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের প্রার্থী লুৎফর রহমান।

তবে ফলাফল মেনে না নিয়ে দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াই চালান স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক মো. সুহেল আমীন। অভিযোগ ছিল, ওই নির্বাচনে মাত্র ১৪৬ ভোটের ব্যবধানে ভুল ফলাফল ঘোষণা করা হয়েছিল।

পরবর্তীতে আদালতের নির্দেশে পুনরায় ভোট গণনা করা হয়। এতে দেখা যায়, মো. সুহেল আমীন ৬৮৪ ভোট বেশি পেয়েছেন। এরপর গত ৭ জানুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে বিজয়ী ঘোষণা করে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

সেই নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন আগের গেজেট সংশোধন করে মো. সুহেল আমীনের নাম বিজয়ী হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ করে। এতে ২০২১ সালের ২৯ মার্চ প্রকাশিত আগের ফল পরিবর্তন করা হয়।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. সুহেল আমীন জগ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

জানা গেছে, লুৎফর রহমান তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং নির্বাচনের পর দীর্ঘ সময় মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ওই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন সিলেটের তৎকালীন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970