ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন এনসিপির আখতারসহ চার এমপি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:২০ পিএম

ছবি: সংগৃহীত

চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।

আগামী বুধবার (১০ জুন) প্রতিনিধিদলটি ঢাকা থেকে চীনের কুনমিংয়ের উদ্দেশে যাত্রা করবে।

সফরসূচি অনুযায়ী, ১১ জুন অনুষ্ঠিতব্য সপ্তম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই দিনে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বাংলাদেশি প্রতিনিধিদল দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবে এবং বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়ন পরিদর্শন করবে।

সফরের শেষ দিনে, ১২ জুন ডেপুটি স্পিকার ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠকে বসবেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় হবে বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970