‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানাতে নিজেদের প্রস্তুত এবং আগ্রহী বলেও মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সরকারের শীর্ষ কূটনৈতিক নেতৃত্বের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ও সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছে এবং খুব শিগগিরই এ সফর বাস্তবে রূপ নেবে বলে তারা আশাবাদী।

ভারতীয় হাইকমিশনার জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। এতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং জনপ্রিয় খেলা ক্রিকেট নিয়েও মতবিনিময় করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা পুনরায় চালু হলে দুই দেশের জনগণের পারস্পরিক যাতায়াত ও যোগাযোগ আরও সহজ হবে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে সম্মেলনের বিশেষ অতিথি বা আউটরিচ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ আমন্ত্রণ গ্রহণ করে তিনি সম্মেলনে অংশ নেবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970