যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:৫৭ পিএম
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভ্রমণের আগে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিসহ সম্ভাব্য সব ধরনের ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করার সময় এমন আর্থিক প্রস্তুতি থাকতে হবে, যাতে ভ্রমণে কোনো ধরনের বিঘ্ন ঘটলে কিংবা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি তৈরি হলেও প্রয়োজনীয় সব খরচ নিজেই বহন করা সম্ভব হয়।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে তার স্থায়ী প্রভাব পড়তে পারে। এমন কর্মকাণ্ডের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা গ্রহণ বা কর্মসংস্থানের সুযোগ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন দূতাবাস।