তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, জানা গেল কারণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩২ এএম
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র নির্বাচন কমিশন (ইসি) বাতিল করেছে। তবে তাসনিম ইতোমধ্যেই ইসিতে আপিলের প্রক্রিয়া শুরু করেছেন। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন কমিশন।
তাসনিম জারা সাংবাদিকদের বলেন, তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু কমিশন তা গ্রহণ করেনি। তিনি উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য এক শতাংশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন। তিনি প্রয়োজনের চেয়ে বেশি স্বাক্ষর জমা দিয়েছিলেন। যাচাইয়ের সময় দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করা হলে ৮ জনের তথ্য সঠিক পাওয়া গেলেও ২ জন অন্য এলাকার ভোটার ছিলেন।
তিনি আরও বলেন, একটি ক্ষেত্রে ভোটার নিজেও জানতেন না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। আরেকজন ভোটার এসআইডির হার্ড কপি দেখে মনে করেছিলেন যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার, কিন্তু কমিশনের তথ্য অনুযায়ী তিনি অন্য এলাকার নাগরিক।
তাসনিম জারা ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সামাজিকমাধ্যমে তিনি জানিয়েছিলেন, “আমরা পেরেছি (We have made it)।”
প্রসঙ্গত, ২৭ ডিসেম্বর ফেসবুকে তাসনিম জানিয়েছিলেন, খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী এলাকার মানুষ হিসেবে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণের সেবা করতে চান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।