রাজশাহীতে আ.লীগের অফিস গুঁড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ এএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভকারীরা বুলডোজার দিয়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের কাজ শুরু হয়, যা ভোর সাড়ে ৩টা পর্যন্ত চলে।

এর আগে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জুলাই মঞ্চ, এনএসিপি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীতে প্রবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’সহ নানা স্লোগান দেন।

এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে রাজশাহীবাসী ও শিক্ষার্থীদের রাজপথে নামার আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, ‘ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাজশাহীতে আবার জুলাই নামাতে হবে। গুঁড়িয়ে দিবো আওয়ামী দুর্গ। সবাই আলুপট্টি আওয়ামী অফিসের সামনে চলে আসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জোহা চত্বরে জড়ো হন। যারা পারেন বুলডোজারের ব্যবস্থা করে আনুন।’

পোস্টের কিছু সময় পর রাত সাড়ে ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভকারীরা রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও ‘আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনে অংশ নেন। পরে বুলডোজার ব্যবহার করে কার্যালয়টি ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970