হাদির মত ঘটনা আর একটিবারও বরদাশত করব না: ডিসি সারওয়ার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির মতো ঘটনা যেন আর কখনো না ঘটে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ তৎপর থাকতে হবে। তিনি বলেন, “আমরা চাই না হাদির মতো আর কোনো নেতা ষড়যন্ত্রের শিকার হোক। অনেক হয়েছে, আর একবারও এ ধরনের ঘটনা বরদাশত করা হবে না। যে কোনো মূল্যে আমরা এটি প্রতিহত করব।”
শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর সিলেট কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে সিলেট জেলা জুলাইযোদ্ধা সংসদের আয়োজনে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ডিসি সারওয়ার আলম বলেন, যারা মনে করছেন একজন শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যা করে জুলাই আন্দোলন থামিয়ে দেওয়া যাবে, তারা ভুল করছেন। একজন হাদির শাহাদাতের মধ্য দিয়ে এ দেশে লাখো হাদির জন্ম হবে। তিনি ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং এ হত্যাকাণ্ডের বিচার যে কোনো মূল্যে নিশ্চিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সবার প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, কোনোভাবেই এমন কিছু করা যাবে না যাতে সাধারণ মানুষ কষ্ট পায়, সম্পদ নষ্ট হয় বা রাষ্ট্রের ক্ষতি হয়। তিনি আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সিলেট সম্প্রীতির শহর। অপরাধী যেই হোক, তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।
গায়েবানা জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।