বাংলাদেশে প্রবেশ করায় বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীন আঙ্গুরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ডাঙ্গাপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ডিএএমপি ১/৭এস-এর কাছ দিয়ে এক বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০ থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য জানান, চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে তিনি বাংলাদেশে ঢুকে পড়েন। পরে তার ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ তাকে আঙ্গুরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়।
এ বিষয়ে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, ঘটনার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দুঃখ প্রকাশ করে ভুল স্বীকার করেছে। একই সঙ্গে আটক সদস্যকে ফেরত দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ অনুযায়ী আন্তর্জাতিক আইন ও প্রচলিত নিয়ম অনুসরণ করে বিষয়টি নিষ্পত্তি করা হবে। এ ঘটনায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।