কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়পত্র জমা দিলেন জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
কুড়িগ্রাম-৪ (রাজিবপুর, রৌমারী ও চিলমারী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩ টায় তিনি রৌমারী উপজেলা নিবার্হী কর্মকর্তার আলাউদ্দিন কার্যালয়ে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদান শেষে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আমরা আশাবাদী যে, এ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।’ সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে ইনশাআল্লাহ একটি কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে চাই।”
তিনি আরো বলেন, ‘একটি চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।’
মনোনয়ন পত্র দাখিলকালে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের পরিচালক ও কুড়িগ্রাম জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, রৌমারী উপজেলা আমীর অধ্যাপক হায়দার আলী, রাজিবপুর উপজেলা আমীর মাওলানা আবুল বাশার মো: আব্দুল লতিফ, চিলমারী উপজেলা আমীর নুরুল ইসলাম মুকুল, রাজিবপুর উপজেলা সেক্রেটারি আজিজুল রহমান, রৌমারী উপজেলা সেক্রেটারি শাহাদাৎ হোসেন, রৌমারী সদর আমির মাওলানা মাসুদ, রাজিবপুর সদর আমির মাওলানা মফিজুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা যুব বিভাগ সভাপতি মোখলেছুর রহমান, রৌমারী উপজেলা যুব বিভাগ সভাপতি গোলাম মোস্তফাসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।