কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ এএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় গরু সন্দেহে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত দুইজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সীমান্তবর্তী চর ইটালুকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের হাবিলদার আলিয়ার হোসেনসহ দুইজন সদস্য শুকুর আলীর বাড়িতে এসে তার পালিত পাঁচটি গরু ভারতীয় বলে দাবি করে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় গরুর মালিক ও এলাকাবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়াসহ সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের একপর্যায়ে বিজিবির মারধরে আখি মনি নামের এক নারী আহত হন। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একজন স্কুলছাত্রীও আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গরুর মালিকের স্ত্রী জয়গুন বেগম অভিযোগ করে জানান, মিথ্যা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদের পালিত গরুগুলোকে ভারতীয় বলে দাবি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দেওয়ায় তার দুই মেয়েকে আঘাত করা হয়।

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, বিজিবি ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা সত্য হলেও গরুগুলো ভারতীয় নয় এবং চোরাচালানের সঙ্গে কেউ জড়িত নন।

সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোনায়েম বলেন, এ ঘটনায় বিজিবির কোনো সদস্য আহত হয়নি। তবে উত্তেজনার সময় একজন সদস্যের পোশাক ছিঁড়ে যায়। আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নে তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ঘটনার কথা শুনেছেন, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970