ঝিনাইদহে জামায়াত প্রার্থী আমির হামজাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:১২ এএম
কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার দেওয়া কুরুচিপূর্ণ ও বিকৃত বক্তব্যকে উল্লেখ করা হয়েছে।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু শুক্রবার রাত ৮টার দিকে তার ফেসবুক স্ট্যাটাসে জানান, “আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ঝিনাইদহে অবাঞ্ছিত।” এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয় এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমর্থন জানিয়ে মন্তব্য করেন।
সাজেদুর রহমান পপ্পু মুঠোফোনে বলেন, “আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ বক্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। সেই কারণে আমির হামজা তার বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ঝিনাইদহে ঢুকতে পারবেন না।”
তবে মুফতি আমির হামজা নিয়মিত ওয়াজ মাহফিলে ঝিনাইদহের ৬টি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ পার্শ্ববর্তী জেলা হওয়ায় দুই জেলার মধ্যে যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এ কারণে তার বিতর্কিত মন্তব্য দুই জেলাজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।