তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি, দিনাজপুরে যুবক আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:৪১ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম গোলাম মোস্তফা (৩৪)। বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকার সোমা স্টুডিওর সামনে থেকে গোলাম মোস্তফাকে আটক করা হয়।
এ ঘটনায় বুধবার পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন উপজেলার ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু।
গ্রেফতার গোলাম মোস্তফা হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।