ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঘুষ গ্রহণ এবং দায়িত্বে অবহেলার অভিযোগে এক থানার ওসি ও এক এসআইকে প্রকাশ্যে কান ধরে উঠবস করানো হয়েছে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা প্রতিবাদমূলক এই শাস্তি প্রদান করেন। ঘটনা ঘটে উপজেলার পোল্লাপুকুর এলাকায়।

স্থানীয়রা জানান, একটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হওয়ার পর পুলিশি দায়িত্বে গাফিলতির কারণে ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাসটিকে পালাতে সহায়তা করেছে এবং ঘুষ গ্রহণ করেছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল প্রায় ৫টার দিকে রাজশাহীর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘রাজকীয় পরিবহন’ নামের একটি বাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন, যাদের একজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর বেলপুকুরিয়া ও পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও দুই থানার মধ্যে এলাকায় দায়িত্ব নেয়ার বিষয় নিয়ে দীর্ঘ সময় বিতর্ক চলে। পুলিশের এই গড়িমসি ও অনিয়মে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

একপর্যায়ে বেলপুকুরিয়া থানার ওসিকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। পরে ঘুষ গ্রহণ এবং দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ওসি ও এক এসআইকে মহাসড়কের ওপর কান ধরে উঠবস করানো হয়। ঘটনার পর পোল্লাপুকুর এলাকায় ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার মানুষ।

প্রায় চার ঘণ্টার মহাসড়ক অবরোধে দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মতিহার জোনের উপকমিশনার (ডিসি)সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন।

বিক্ষোভকারীরা অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মহাসড়কে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970