রাজিবপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে ২

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

ছবি: মনোযোগ প্রকাশ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার আজগর দেওয়ানী পাড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের অন্তত দুইজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগী মোঃ আজিজুল হক অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে তার পৈত্রিক জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। পাশাপাশি পাঁচ বছর আগে তিনি নিজের পুকুর সংলগ্ন আরও ০.৭৫ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমি ঘিরে চলমান বিরোধের জেরে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তার বাড়িতে হামলার ঘটনা ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষ ওসিউজ্জামান, শফিকুল ইসলাম, বদিউজ্জামান, রুবেলসহ প্রায় ১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র—লাঠি, ফালা, দা, সাবল ও হলংগা নিয়ে তার পুকুরের নেটবাঁশ ভেঙে ফেলে এবং আজিজুল হকের ওপর হামলা চালায়। এসময় তার ছেলে মোঃ জহুরুল ইসলাম প্রতিবাদ করলে তাকেও বেধড়ক পেটানো হয়। লাঠি, হাতুড়ি ও ঘুষির আঘাতে তারা গুরুতর আহত হন।

পরিবারের অন্যান্য সদস্যরা চিৎকার করলে তাদের ওপরও হামলা হয়। এতে একাধিক সদস্যের শরীরে জখম ও কালো ফোলা দেখা দেয়। হামলার ভয়ে আজিজুল হকের ছেলে জহুরুল ইসলাম বাড়ির ভেতরে আশ্রয় নিলেও হামলাকারীরা তাকে তাড়া করে। বাড়ির চারপাশে ভাঙচুরের চেষ্টা চালিয়ে তারা পালিয়ে যাওয়ার সময় হুমকি দেয় যে, “সময় সুযোগমতো তোদের মেরে ফেলব।”

পরে স্থানীয়দের সহায়তায় আজিজুল হক তার স্ত্রী ও ছেলেকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন এবং প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে আহত দু’জন হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে আজিজুল হক রাজিবপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি দ্রুত তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন, “আসলে আমাদের ওপরই হামলা হয়েছে। আমরা আত্মরক্ষার্থে লাঠি হাতে নিয়েছিলাম। প্রতিপক্ষের অভিযোগ সত্য নয়।”

চর রাজিবপুর থানার এসআই সাজেদুল ইসলাম মুঠোফোনে জানায়, দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970