রাজিবপুরে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে একাধিক স্থানে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

ছবি: মনোযোগ প্রকাশ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় নির্বাচনী জনসভায় অংশ নেওয়াকে কেন্দ্র করে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজিবপুর উপজেলা জামায়াত ও মোহনগঞ্জ ইউনিয়ন জামায়াত।

আরও পড়ুন : জনসভায় অংশ নেওয়ায় রাজিবপুরে জামায়াত নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর

গতকাল (শনিবার) বিকেলে রাজিবপুর উপজেলা জামায়াত ও মোহনগঞ্জ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা অভিযোগ করেন, মোহনগঞ্জ ইউনিয়নে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার ‘অপরাধে’ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত দুইজন জামায়াত কর্মী গুরুতর আহত হন। আহত মোকছেদ আলী (৩২) বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ছবি: মনোযোগ প্রকাশ

বক্তারা আরও বলেন, হামলার পর অভিযুক্ত একজনকে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হলেও রহস্যজনকভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এ ধরনের আচরণ অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন জামায়াতের আমির শেখ মো. আনোয়ার হোসেন বলেন, “বারবার আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। আমরা বারবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু সুষ্ঠু বিচার পাইনি। পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা না নেয়, তাহলে সাধারণ মানুষের আস্থা হারাবে।”

সমাবেশ থেকে কীর্তনতারি বাজার এলাকায় সংঘটিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার জন্য রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট থানার প্রতি জোর দাবি জানানো হয়।

 

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970