বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হয়েছে বেড়ি বাঁধের ২০টি গাছ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নিজের বাড়িতে গাড়ি নিয়ে যাতায়াত সহজ করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে এসব গাছ কাটা হয়েছে।

ঘটনাটি উপজেলার কামালপুর এলাকায়। জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালে নদীভাঙন ঠেকাতে ওই বেড়িবাঁধে মেহগনি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এসব গাছ এলাকাকে নদীভাঙনের হাত থেকে সুরক্ষা দিয়ে আসছিল। স্থানীয়দের মতে, প্রতিটি গাছের বর্তমান বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, জাহিদুল আলম জাহাঙ্গীরের বাড়িতে যেতে হলে বাঁধের ওপর দিয়ে চলাচল করতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে অসুবিধা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে একে একে গাছ কাটা শুরু হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বৈদ্যুতিক করাত দিয়ে গাছের গুঁড়ি কেটে পরে অন্যত্র সরিয়ে নেওয়া হয় বলেও দাবি স্থানীয়দের।

তবে অভিযোগ অস্বীকার করে জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, “আমি কেন গাছ কাটবো? জায়গা ও গাছগুলো সরকারি নয়। প্রত্যেকে নিজেদের জায়গা থেকে গাছ কেটে নিয়েছে। বেড়িবাঁধও সরকারি বা অধিগ্রহণকৃত নয়।”

এ বিষয়ে মিঠামইন উপজেলার দায়িত্বপ্রাপ্ত বন বিভাগের কর্মকর্তা জুলফিকার জয় বলেন, গাছগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় একটি এনজিওর মাধ্যমে রোপণ করা হয়েছিল। বিষয়টি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না বলেও জানান তিনি।

অন্যদিকে, মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, ১৯৯৫-১৯৯৬ সালে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাঁধ নির্মাণের সময় গাছগুলো রোপণ করা হয়। গাছ কাটার বিষয়টি জানার পর সমিল থেকে কাঠ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970