সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা!
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম
নরসিংদীর মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে আমেনা আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত কিশোরী মাধবদীর বিলপাড় এলাকার আশরাফ হোসেনের কন্যা। পরিবার সূত্রে জানা গেছে, আশরাফ হোসেন কাজের সুবাদে সেখানে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের সৎপিতা আশরাফ হোসেন অভিযোগ করেছেন, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তার মেয়েকে কর্মস্থল থেকে ফেরার পথে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে মিমাংসা করা হয়।
বৃহস্পতিবার রাতে সৎপিতার সঙ্গে থাকার সময় বড়ইতলা এলাকায় পৌঁছানোর পর অভিযুক্তরা কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতের মধ্যে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সম্ভাব্য জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।