কুড়িগ্রামে সরকারি কার্ডের প্রলোভনে অর্থ আত্মসাৎ করে স্থায়ী বহিষ্কার ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম

ছবি: মনোযোগ প্রকাশ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ জয়। অভিযোগ অনুযায়ী, তিনি রাজিবপুর সদর ইউনিয়নের ধুবালিয়া পাড়া, ধুলাউড়ি ও বাউল পাড়া গ্রামের শতাধিক অসহায় মানুষের কাছ থেকে ফ্যামিলি কার্ড, ভাতা কার্ড ও অন্যান্য সরকারি সুবিধা দেওয়ার কথা বলে ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ করেন। দীর্ঘ সময় পার হলেও কোনো কার্ড প্রদান বা অর্থ ফেরতের কোনো অগ্রগতি হয়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি সাংগঠনিক পর্যায়ে পর্যালোচনার পর শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর রাজিবপুর উপজেলা শাখা তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। বহিষ্কারের সিদ্ধান্তে স্বাক্ষর করেন রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মোখলেছুর রহমান এবং সদস্য সচিব মো. নাজমুল হাসান।

একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীরা অর্থ ফেরত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970