কুড়িগ্রামের রৌমারীতে মানবাধিকার কর্মীর পরিচয়ে চাঁদাবাজি: সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

সুজন মাহমুদ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় প্রভাবশালী একটি চক্রের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার ঘটনা দীর্ঘদিন ধরে চলার অভিযোগ উঠেছে। এ কাজে জড়িতদের আশ্রয় দিয়ে নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে আমির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-৪ আসনের বিভিন্ন চরাঞ্চলে দীর্ঘদিন ধরে আইন অমান্য করে একটি প্রভাবশালী চক্র ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করে আসছে। এতে একদিকে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পরিবেশও হুমকির মুখে পড়ছে। অভিযোগ রয়েছে, এই অবৈধ মাটি ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করেন আমির হোসেন।

অনুসন্ধানে জানা যায়, আগলার চর এলাকায় মাটি কাটার সময় শফিকুল নামের এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন আমির হোসেন। বিনিময়ে প্রশাসনিক কোনো সমস্যা হবে না বলে তিনি আশ্বাস দেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমের কাছেও স্বীকার করেছেন ওই ব্যবসায়ী।

এ ঘটনায় একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন আমির হোসেন। অভিযোগ রয়েছে, তিনি সংশ্লিষ্ট সংবাদদাতা জহুরুল ইসলামকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে জেলে পাঠানোর হুমকি দেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিককে এমন হুমকির ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, এর আগেও আমির হোসেনের বিভিন্ন অপকর্মের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মানবাধিকার কর্মীর পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970