ভিজিএফের চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি করেছেন অভিযুক্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

মামলার শিকার সাংবাদিক আতিফ রাসেল (মো. রাসেল মিয়া) উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ‘বাংলা এডিশন’-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

গত শুক্রবার (১৩ মার্চ) নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সরকার নির্ধারিত প্রতি কার্ডধারীর জন্য ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একটি নির্দিষ্ট পাত্র দিয়ে চাল মাপার সময় সেখান থেকে হাত দিয়ে কিছু অংশ সরিয়ে রাখা হচ্ছে। পরে সুবিধাভোগীরা চাল মেপে দেখেন, তা প্রায় সাড়ে ৮ কেজির মতো হচ্ছে বলে একাধিক ব্যক্তি অভিযোগ করেন।

সংবাদটি প্রকাশের পর নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) রাশিদুল ইসলাম ফকির ওই প্রতিবেদনকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে ভূঞাপুর থানায় সাংবাদিক আতিফ রাসেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

রাশিদুল ইসলাম ফকির দাবি করেন, চাল কম দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

অন্যদিকে সাংবাদিক আতিফ রাসেল বলেন, সরেজমিনে গিয়ে ভিজিএফ সুবিধাভোগীদের অভিযোগের ভিত্তিতেই সংবাদটি করা হয়েছে এবং এ সংক্রান্ত সব প্রমাণ তার কাছে রয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাব্বির হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970