বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:১২ পিএম

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের বহন করছিল ট্রেনটি।

বুধবার দুপুর আড়াইটার দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নীলফামারীগামী আন্তঃনগর ট্রেনটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ বিকট শব্দে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার করতে থাকেন। দুর্ঘটনার সময় ট্রেনের ছাদেও বিপুলসংখ্যক যাত্রী ছিলেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। ঈদে বাড়ি ফেরা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত লাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970