ব্রাহ্মণবাড়িয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে লাঠি নিয়ে ধাওয়া করলেন ঠিকাদার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক উপসহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।

জানা গেছে, নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। তবে কাজটির তদারকি করছিলেন স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন।

অভিযোগ রয়েছে, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি সামনে আসায় সোমবার ঢাকা থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রতিনিধিদল এবং স্থানীয় প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন উপসহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম।

এরপর ক্ষিপ্ত হয়ে ঠিকাদার লোকমান হোসেন উপস্থিত প্রতিনিধিদলের সামনেই ওই প্রকৌশলীকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম বলেন, কাজের মান নিয়ে প্রশ্ন তোলার পর ঠিকাদার তাকে মারধরের চেষ্টা করেন এবং হাতে বাঁশ নিয়ে ধাওয়া করেন। এ সময় তিনি দৌড়ে সেখান থেকে প্রাণে বাঁচেন।

তিনি আরও জানান, ঠিকাদার লোকমান অত্যন্ত প্রভাবশালী। মামলা করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন। তাই তিনি দ্রুত এখান থেকে বদলি চাচ্ছেন।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি জানার পরই পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970