রংপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক পুলিশ সদস্য
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:১৬ পিএম
রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় এক প্রবাসীর স্ত্রীর বাসা থেকে রনি নামে এক পুলিশ সদস্যকে আপত্তিকর অবস্থায় আটক করেছেন স্থানীয়রা। সোমবার (৮ জুন) রাতে মাহিগঞ্জ থানার কবিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
জানা গেছে, আটক রনি রংপুরের রিজার্ভ ফোর্সে কর্মরত একজন পুলিশ সদস্য। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। অন্যদিকে, সংশ্লিষ্ট প্রবাসীর স্ত্রীরও একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, সৌদি আরবপ্রবাসীর স্ত্রী নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় রংপুর রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সদস্য রনি সেখানে গেলে এলাকাবাসীর সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে মাহিগঞ্জ থানায় নিয়ে যায়।
এদিকে, সৌদি আরবপ্রবাসী তার বাবার সহযোগিতায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দুজনকে থানায় আনা হয়েছিল। পরবর্তীতে অভিযুক্ত পুলিশ সদস্যকে রিজার্ভ ফোর্স ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।