স্বপ্নে ‘জীবিত’ দেখার পর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, যা মিলল ভেতরে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:২৫ এএম

ছবি: সংগৃহীত

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে স্বপ্ন ও গুজবকে কেন্দ্র করে দাফনের ১৮ দিন পর এক তরুণীর কবর খোঁড়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরে কবর খুলে দেখা যায়, মরদেহে স্বাভাবিক নিয়মেই পচন ধরেছে এবং সেখানে কোনো ধরনের সুগন্ধির অস্তিত্বও পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর রমেশ গ্রামের হোসেন লাহারি বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত তরুণীর নাম মরিয়ম (২০)। তিনি দিনমজুর খলিল লাহারির মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মরিয়ম চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ঈদুল আজহার ছুটিতে গত ২৬ জুন বাড়িতে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুন ভোরে নিজ বাড়িতে মারা যান। সেদিনই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দাফনের কয়েকদিন পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, মরিয়মের কবর থেকে অলৌকিক সুগন্ধি বের হচ্ছে। এরই মধ্যে পরিবারের সদস্যদের কেউ কেউ দাবি করেন, স্বপ্নে মরিয়ম জানিয়েছেন তিনি কবরের ভেতর জীবিত আছেন এবং ভুলবশত তাকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছে।

এমন বিশ্বাসের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কয়েকশ উৎসুক মানুষের উপস্থিতিতে স্বজনরা কবর খুঁড়েন। তবে কবর খুলে দেখা যায়, মরদেহে স্বাভাবিক পচন ধরেছে এবং কোনো ধরনের সুগন্ধিও পাওয়া যায়নি। পরে পুনরায় কবরটি আগের মতো মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়।

কবর খোঁড়ার কাজে অংশ নেওয়া প্রতিবেশী মো. কালু জানান, মরিয়ম সত্যিই জীবিত আছেন কি না, তা নিশ্চিত হওয়ার উদ্দেশ্যেই তারা কবর খুঁড়েছিলেন। কিন্তু সেখানে তাকে মৃত অবস্থাতেই পাওয়া গেছে এবং সুগন্ধির দাবিরও কোনো সত্যতা মেলেনি।

স্থানীয় সচেতন মহলের মতে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের অকালমৃত্যুতে স্বজনরা গভীর মানসিক আঘাতের মধ্যে থাকায় এমন স্বপ্ন বা অবাস্তব ধারণার সৃষ্টি হয়ে থাকতে পারে।

গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলতে রাজি না হলেও পরিবারের সদস্যরা সংক্ষেপে জানান, দীর্ঘদিনের সন্দেহ দূর করতেই তারা কবর খুঁড়েছিলেন। এখন তাদের ভুল ধারণা কেটে গেছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, কবর থেকে সুগন্ধি বের হওয়া ও স্বপ্নে জীবিত দেখার বিষয়টি নিয়ে মরিয়মের স্বজনরা আগে থানায় এসেছিলেন। তখন তাদের জানানো হয়েছিল, কবর খুঁড়তে হলে আদালতের অনুমতি প্রয়োজন। তবে অনুমতি ছাড়া কবর খোঁড়ার বিষয়টি তার জানা ছিল না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970