চেক জালিয়াতির মামলায় রৌমারীতে আব্দুল মান্নান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম

ছবি: মনোযোগ প্রকাশ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চেক জালিয়াতির মামলায় আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হাজিরহাট এলাকার নিজস্ব ইটভাটা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ২০২০ সালে ভাটার ইট সরবরাহের কথা বলে আব্দুল মান্নান গ্রাহক জহুরুল ইসলামের কাছ থেকে ১০ লাখ ৮০ হাজার টাকা নেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি ইট সরবরাহ করেননি। পরে ২০২১ সালে টাকা বা ইট দিতে না পেরে তিনি জহুরুল ইসলামকে একটি চেক প্রদান করেন। তবে ব্যাংকে চেকটি জমা দিলে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ নেই।

এ ঘটনায় ভুক্তভোগী জহুরুল ইসলাম চেক জালিয়াতির মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আব্দুল মান্নানকে দোষী সাব্যস্ত করেন। রায় কার্যকর করতে পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “আব্দুল মান্নান একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।”

অন্যদিকে ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, “সে একজন প্রতারক। দীর্ঘ পাঁচ বছর ধরে আমার টাকা নিয়ে ব্যবসা করছে, কিন্তু ফেরত দিচ্ছে না। ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তার নামে একাধিক মামলা রয়েছে। আমি আমার পাওনা টাকা ফেরত ও তার কঠোর শাস্তি চাই।”

স্থানীয় সূত্র জানায়, আব্দুল মান্নানের বাড়ি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাঙ্গুয়াপাড়া গ্রামে। তার বিরুদ্ধে এলাকার আরও কয়েকজন ভুক্তভোগী প্রতারণার অভিযোগ তুলেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970