সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা, ভাঙচুর

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা, ভাঙচুর। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পারিবারিক বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থান–সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উপজেলা বিএনপি একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাত্রা করলে, অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২০–৩০ জনের একটি দল হঠাৎ আবদুল হামিদের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, চেয়ার, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে। ঘটনার সময় বাড়িটিতে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে মিছিল শুরু হয় এবং শতাধিক মানুষ এতে অংশ নেন। মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সদস্য আলমগীর শিকদারসহ কয়েকজন। বাড়ির সামনে পৌঁছালে মিছিল থেকে বিচ্ছিন্ন হওয়া একদল লোক বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। তারা ঘরের আসবাবপত্র, দরজা-জানালা, আলমারি এবং বাইরে থাকা স্থাপনাও ক্ষতিগ্রস্ত করে।

উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

মিঠামইন থানার ওসি আলমগীর কবির ঘটনাটি নিশ্চিত করে বলেন, রাত ১১টার দিকে হঠাৎ হামলার ঘটনা ঘটে। বাড়ির কয়েকটি কক্ষ ও সামগ্রী ভাঙচুর করা হলেও কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়ির চারপাশে মোতায়েন রয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি; তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970