ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল হামলা: ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে কোতোয়ালি মডেল থানা-পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন: নগরের কেওয়াটখালী এলাকার মো. মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার মো. আরিফ (৩০), মো. বিপুল (২১), আকুয়া ওয়্যারলেছ গেট এলাকার মো. রাজন (১৯)। পুলিশ জানায়, তারা সক্রিয়ভাবে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশের তথ্য অনুযায়ী, গত বুধবার রাত ৩টার দিকে ডাকসু নেত্রী রাফিয়ার ঢোলাদিয়া এলাকার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন, যা মামলা হিসেবে রেকর্ড করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, “চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।”