কুমিল্লায় এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ির চাপায় দুই বছরের শিশু ফাইজা আক্তার নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনের মোবাইল নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের ওজিরপুর উপজেলার তেরদ্রন ডাকঘর পুটিয়া গ্রামে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা এসিল্যান্ডের সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে ফুটফুটে দুই বছরের ফাইজা। এ ঘটনা প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা।
ফাইজার মা অভিযোগ করে বলেন, “গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেলো।”
দুর্ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম হোমনা সরকারি হাসপাতালে ছুটে যান। এসিল্যান্ড আহমেদ মোফাসের বলেন, “ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি। এই শিশুটি আমার সন্তানও হতে পারত। আমি একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করবো।”
এদিকে নিহত শিশুর বাবা গাড়িচালকের ফাঁসিসহ সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
হোমনা থানার ওসি জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুই বছরের ফাইজার মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি উপজেলা চত্বরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।