২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারালো বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২০ পিএম
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার পর অবশেষে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডিএল মেথডে ৮৬ রানের দাপুটে জয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা। চার বছর পর দলে ফিরে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন মোসাদ্দেক হোসেন সৈকত।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৫ রানেই সাজঘরে ফেরেন সাইফ হাসান। এরপর তানজিদ তামিমের ৫৪ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৬৭ রানের দায়িত্বশীল ইনিংসে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
এমন পরিস্থিতিতে ব্যাট হাতে হাল ধরেন মোসাদ্দেক হোসেন। ক্যারিয়ারের সেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে পৌঁছে দেন ২৮৪ রানের লড়াকু সংগ্রহে। শেষদিকে তাসকিন আহমেদ ১৬ বলে ২০ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২ রানের মধ্যে ম্যাথু শট ও মার্নাস ল্যাবুশেনকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এরপর পেসার রানা বল হাতে দারুণ ছন্দে থেকে ৪১ রানে ৪ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান।
বল হাতে মোসাদ্দেকও ছিলেন সমান কার্যকর। ৩৭ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। একপ্রান্তে ক্যামেরুন গ্রিন ৫২ রান করে লড়াই চালিয়ে গেলেও বৃষ্টির আগে ১৯১ রান তুলতেই ৯ উইকেট হারায় সফরকারীরা। পরে আর খেলা শুরু না হওয়ায় ডিএল মেথডে ৮৬ রানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
২০০৫ সালের পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। দীর্ঘদিনের অপেক্ষা ঘুচিয়ে অর্জিত এই সাফল্য দেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিশ্বকাপের আগে এমন জয় দলের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।