জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। আটক শিক্ষার্থী জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে মীর মশাররফ হোসেন হল সংসদে সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী ছিলেন বলে জানা গেছে।

রোববার রাত ৯টার দিকে হল প্রভোস্ট ও হল সংসদের সদস্যদের সমন্বয়ে অভিযান চালিয়ে কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছিলেন। তবে তিনি অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন বলে জানিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামের বাসিন্দা। সীমান্তবর্তী এলাকা হওয়ায় তিনি অবৈধভাবে ভারত থেকে মদ সংগ্রহ করে ক্যাম্পাসে বিক্রি করতেন বলে অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, মদগুলো নিজের ব্যবহারের জন্য ও বন্ধুদের দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল।

এদিকে তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পাশের জামসিং এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন এবং সেই বাসাটি মাদককারবারের কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন।

অভিযান শেষে হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিক্ষার্থীর টেবিলের লকার থেকে ৯ বোতল এবং খাটের নিচ থেকে আরও ১১ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং ছাত্র শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970