ববিতে ছাত্রদল নেতাসহ ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মোটরসাইকেল চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করা হয়েছে। মামলাটি করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদুল হক (তানজিদ মঞ্জু)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২৬ আগস্ট রাত আনুমানিক ১টার সময় বরিশাল মেরিন একাডেমির সামনে নভোথিয়েটার সংলগ্ন আনন্দবাজার এলাকায় তানজিদ মঞ্জুর একটি মোটরসাইকেল চুরি করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

মামলায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মিঠুকে এক নম্বর আসামি করা হয়েছে। এছাড়া ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান সাত নম্বর আসামি হিসেবে রয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন বাবুল মিয়া, রাকিন, প্রীতম, আতিক আবদুল্লাহ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইব্রাহিম হোসেনসহ মোট ২৩ জন।

বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ আগস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটক করার চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান। এ সময় তার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠে।

ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল, এই মামলা তারই বহিঃপ্রকাশ। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এটি করা হয়েছে। এটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। উপাচার্য দপ্তর থেকে তথ্য চাওয়া হলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো তথ্য সরবরাহ করা হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970