সাভারে বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মরদেহ উদ্ধার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ পিএম
সাভারের ইসলামনগর এলাকায় বাসা থেকে শারমিন নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) এ ঘটনা ঘটে। শারমিন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার পর তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থী বর্তমানে হাসপাতাল ও ঘটনাস্থলে অবস্থান করছেন।
শারমিনের স্বামীর ভাষ্য অনুযায়ী, দুপুর প্রায় ২টা থেকে ৩টার মধ্যে তিনি বাসায় ফিরে দেখেন দরজাটি বাইরে থেকে বন্ধ। পরে ভেতরে ঢুকে তিনি শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তখন তার কোনো সাড়া বা জ্ঞান ছিল না।
পরিবারের সদস্য ও বাড়িওয়ালার সহায়তায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পরে এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।