বেরোবি ছাত্র সংসদের নীতিমালা রাষ্ট্রপতির অনুমোদনে পাস
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১০:২২ পিএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে পাস হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক।
তিনি জানান, “ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন দিয়েছেন। আমরা শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম যে ৩১ অক্টোবরের মধ্যেই নীতিমালা পাস হবে। আলহামদুলিল্লাহ, নির্ধারিত সময়ের আগেই তা পাস হয়েছে। এখন আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “আমরা কঠোর পরিশ্রম করে নীতিমালাটি ঢাকায় উপস্থাপন করেছি এবং রাষ্ট্রপতির অনুমোদন এনেছি। শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ৩১ অক্টোবরের মধ্যেই আইন পাস হবে — তাদের সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছি। এখন খুব শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আটজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। অনশনরত শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে উপাচার্য প্রতিশ্রুতি দেন যে, ৩১ অক্টোবরের মধ্যে ছাত্র সংসদ আইনে নীতিমালা যুক্ত করা হবে।
উপাচার্যের সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্রপতির অনুমোদনে নীতিমালা পাস হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তির সৃষ্টি হয়েছে।