বেরোবিতে ছাত্রলীগ নেত্রীর পরীক্ষা না দিয়ে পাসের অভিযোগ ভিত্তিহীন, তদন্তে মেলেনি প্রমাণ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:২০ এএম

ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশীর বিরুদ্ধে পরীক্ষা না দিয়েই পাস করার যে অভিযোগ উঠেছিল, তার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুরাইয়া ইয়াসমিন ঐশী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই তিনি উত্তীর্ণ হয়েছেন। ফলে পরীক্ষা না দিয়ে পাস করার অভিযোগটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগ ওঠার পর ২০২৫ সালের ২২ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। গত শুক্রবার কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ঐশীর পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নিয়েছিলেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া অধ্যাপক রুহুল আমিন। ফলে তিনি ক্যাম্পাসের বাইরে পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা না দিয়েই পাস করেছেন—এ ধরনের অভিযোগের কোনো প্রমাণ মেলেনি।

তদন্ত কমিটির সদস্য ড. মো. ইলিয়াছ প্রামাণিক বলেন, পরীক্ষা না দিয়েই পাস কিংবা ক্যাম্পাসের বাইরে পরীক্ষা নেওয়ার অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়নি। তিনি জানান, ঐশী নির্ধারিত সময়ের পর পরীক্ষায় অংশ নিলেও পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সে সময়ের বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী মিডটার্ম পরীক্ষা পরে দেওয়ার সুযোগ ছিল, যার আওতায় ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বর্তমানে এমন সুযোগ আর বহাল নেই।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানও বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে সংশ্লিষ্ট শিক্ষার্থী পরীক্ষা দিয়েই পাস করেছেন। তাই পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

উল্লেখ্য, সুরাইয়া ইয়াসমিন ঐশী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন। ২০২৫ সালের ২ ডিসেম্বর গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায় অংশ নেওয়ার পর তাকে পরীক্ষা ছাড়াই পাস করানো হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি তদন্তে অসত্য বলে প্রমাণিত হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970