গণসংযোগকালে জামায়াতের নারী নেত্রীর ওপর রামদা দিয়ে যুবদলের হামলার অভিযোগ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা-৪ আসনে গণসংযোগ চলাকালে জামায়াতে ইসলামীর এক নারী নেত্রীর ওপর রামদা দিয়ে হামলার অভিযোগ উঠেছে যুবদলের বিরুদ্ধে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলি এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সেক্রেটারি ইমন আশরাফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াতে ইসলামীর ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ চলাকালে কাইল্লা পট্টি এলাকায় যুবদলের কয়েকজন কর্মী জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলায় জামায়াতের রুকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই দেন।

ইমন আশরাফ আরও জানান, হামলার কিছুক্ষণ আগে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে নারী কর্মীদের পথরোধ করে গণসংযোগে বাধা দেওয়া হয় এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

এর আগে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেন, সারা দেশে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নারী কর্মীরা ধারাবাহিকভাবে হামলা, মারধর, ভয়ভীতি ও সামাজিক লাঞ্ছনার শিকার হচ্ছেন। তিনি এ ঘটনাকে নারীর নিরাপত্তা নিয়ে একটি গভীর জাতীয় উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970